নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা নিয়ে কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ আবেদনকারীরা।
সরেজমিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অফিসের প্রধান দাবি করেন, বাংলাদেশের যেকোনো জেলার নাগরিক শুধু জাতীয় পরিচয়পত্র (NID) দিয়েই নারায়ণগঞ্জ অফিসে পাসপোর্টের আবেদন করতে পারবেন। অতিরিক্ত কোনো কাগজপত্র প্রয়োজন নেই বলেও জানান তিনি।
তবে একই অফিসের অন্যান্য কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, NID-এর পাশাপাশি আবেদনকারীর বর্তমান ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিল বা প্রয়োজনে চাকরি/কর্মস্থলের কাগজপত্র প্রয়োজন হতে পারে।
এতে প্রশ্ন উঠেছে—একই অফিসে নিয়ম কি দুই রকম? পাসপোর্ট অধিদপ্তরের অধিক্ষেত্র ও বর্তমান ঠিকানা যাচাইয়ের নিয়ম যদি প্রযোজ্য হয়, তাহলে শুধু NID-এর ভিত্তিতে অন্য জেলার নাগরিকদের নারায়ণগঞ্জ অফিস থেকে সেবা দেওয়ার সুযোগ কতটুকু?
কর্মকর্তাদের এমন ভিন্ন বক্তব্যে সেবা নিতে আসা মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তাই NID দিয়েই পাসপোর্ট, নাকি বর্তমান ঠিকানার প্রমাণ বাধ্যতামূলক—এর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন সেবাপ্রত্যাশীরা।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা ও নিয়মের বাস্তব প্রয়োগ এখন সময়ের দাবি।
এ জাতীয় আরো খবর..