নিজস্ব প্রতিবেদকঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তার সঙ্গে বৈঠকে বসছে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল। এ বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির সূত্র জানায়, যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম রোববার বিকেলে দেশে ফেরার পর আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
জাতীয় ঐক্যের ভিত্তি ও এনসিপির দাবি
গণমাধ্যমে পাঠানো বার্তায় এনসিপি জানিয়েছে, তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে। দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে রাখতে হবে।
এনসিপির নেতারা জানিয়েছেন, সোমবারের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন তারা। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও বৈঠকে তুলে ধরা হবে বলে নেতারা জানিয়েছেন।
সংলাপের ধারাবাহিকতা ও জামায়াতের অবস্থান
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রথম পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী এবং পরবর্তী সময়ে সব দলের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা শফিকুর রহমানের ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে; এরপর ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
সংলাপের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকা প্রয়োজন এবং সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।