নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
খাতভিত্তিক অনুমোদিত প্রকল্প
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও খাতের প্রকল্পগুলো হলো:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (২টি): আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন (যার আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণও রয়েছে)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৩টি): নতুন দুটি প্রকল্প—পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ ছাড়া নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২টি নতুন): বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
পানি সম্পদ মন্ত্রণালয় (১টি): কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (১টি): গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় (১টি): চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি।
অবগতির জন্য উপস্থাপিত ৭টি প্রকল্প
বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে, যেগুলো পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন; বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প; কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প; ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন; ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।