ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চারটি অভিযান পরিচালনা করে স্বর্ণবার, বিদেশি মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণবার জব্দ: গত ১৫ অক্টোবর সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা যাত্রী আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আটক করা হয়। গ্রিন চ্যানেলে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টার পর দেহ তল্লাশি করে এটি উদ্ধার করা হয়, যার শুল্ককরসহ বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
ঢাকা বিমানবন্দরে মদ জব্দ: একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর মধ্যে মুম্বাই থেকে আসা যাত্রীর ব্যাগেজ, বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্হায় এবং অপর দুই যাত্রীর কাছ থেকে মোট ৩০ লিটার মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক: গত ১৬ অক্টোবর কলম্বো থেকে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ স্ক্যান করে চার ধরনের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা। ত্বকের বলিরেখা কমানো ও স্থিতিস্থাপকতা বাড়াতে ব্যবহৃত এসব ইনজেকশনের আমদানির বৈধতা ও অনুমোদন যাচাই করা হচ্ছে।
ফরেন পোস্ট অফিসে নিষিদ্ধ ক্রিম ও ল্যাপটপ জব্দ: ১৬ অক্টোবর ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযানে ৩৭ কার্টনে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি সেকেন্ড হ্যান্ড কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। ক্ষতিকর উপাদান ও গুণগত মানের ঝুঁকি এড়াতে এসব পণ্য পরীক্ষা করা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে দেশের সকল শুল্ক স্টেশনে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।