মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২৭ অক্টোবর২০২৬) রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর তীরবর্তী ঝোপের কাছে অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা হেরোইনের মালিক শনাক্ত করতে আশপাশে খোঁজাখুঁজি করা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় হেরোইনগুলো জব্দ করা হয়।
জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো আসামি বা হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫-এর মিডিয়া সেল।
এ জাতীয় আরো খবর..