জনি হোসেন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):
নীলফামারী সদর উপজেলায় ছাইয়ের মাধ্যমে পরিবেশ দূষণ এবং ছাই সংরক্ষণ ও অপসারণে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় মেসার্স রাফি অটো রাইস মিলের মালিক আতিকুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার পিলারের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫ ধারার উপধারা (২) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১২(ক) বিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রাইস মিলের কার্যক্রম থেকে সৃষ্ট ছাই সংরক্ষণ ও অপসারণের যথাযথ ব্যবস্থা ছিল না। ফলে ছাইয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ ওঠে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় মিলের মালিক আতিকুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে মিল পরিচালনার জন্য মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযান পরিচালনায় নীলফামারী সদর উপজেলা আনসার বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
এ জাতীয় আরো খবর..