×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ ৩৭ দিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস পরিচালনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু হয়, যা বেলা ১১টা পর্যন্ত বহাল ছিল। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি বিভাগের মধ্যে কেবল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেই পাঠদান অনুষ্ঠিত হয়েছে; বাকি ১১টি বিভাগের কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী জানান, আজ খুব অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাস সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ল্যাব ক্লাস থাকার কথা থাকলেও বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে আজকের ল্যাবটি স্থগিত রাখা হয়েছে।

বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, সকাল ৯টা থেকে ২১, ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাচেই উপস্থিতির হার কম থাকলেও ২১ ও ২২ ব্যাচের উপস্থিতি কিছুটা আশাব্যঞ্জক ছিল। আগামী দিনে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে শুরু করলেও উপাচার্য কেন্দ্রিক সৃষ্ট জটিলতার এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে স্বপদে বহাল রাখার দাবীতে নিজেদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় চুয়েট শিক্ষার্থীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাঁদের ন্যায়সংগত আন্দোলন একই সঙ্গে অব্যাহত থাকবে।

অন্যদিকে চুয়েটের চলমান এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পৃথক বৈঠক করেছেন। বুধবার বিকেলেও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রতিনিধি দলটির আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটে নতুন উপাচার্য নিয়োগের পরপরই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে পরের দিন থেকেই 'কমপ্লিট শাটডাউন' বা সর্বাত্মক ধর্মঘট শুরু হয়, যার ফলে গত এক মাসেরও বেশি সময় ধরে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat