শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয় মাংস ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জবাই করা পশুর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সনদ দেখাতে না পারায় এবং সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফিপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী নিয়ম বহির্ভূতভাবে গরু ও ছাগল জবাই করে মাংস বিক্রি করছিলেন। অভিযানের সময় পশু জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হলে, ছয়জন ব্যবসায়ী তা দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সম্মিলিতভাবে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পশু জবাইয়ের আগে সেটির স্বাস্থ্য পরীক্ষা করে রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মের ব্যত্যয় ঘটলে ভোক্তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মামুনুর রহমান বিপ্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সনদ না থাকায় ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মাংস বিক্রির সঠিক বিধিবিধান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..