রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন। তাকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির (অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি) সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন জানান, মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় তাঁর প্রাণের বিদ্যাপীঠ। প্রায় ৩১ বছর আগে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন তিনি। সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।
সভাপতির দায়িত্ব গ্রহন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন লিমন।
অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উপযোগী ক্যাম্পাস তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আশা করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় শিক্ষার মান ও পরিবেশের দিক থেকে আরও এগিয়ে যাবে।
এ জাতীয় আরো খবর..