হাবিবুল্লাহ মীর, নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে দুবাইপ্রবাসীর গাড়ির পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকার চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত কিছু স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) ভোরের দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও প্রাইভেটকার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুবাইপ্রবাসী জামাল হোসেন ও তার বন্ধু সোহেল দিবাগত রাত দেড়টার দিকে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে তারা কাঞ্চনের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে গাড়িটি পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতি রোধ করেন।
এ সময় একদল ডাকাত সদস্য দেশীয় অস্ত্রের মুখে দুই প্রবাসীকে জিম্মি করে দুবাই থেকে আনা ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে ডাকাত দল তাদের দুইজনকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এশিয়ান হাইওয়ে সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন চালক শাহীন (যিনি পরে মূল পরিকল্পনাকারীদের একজন হিসেবে চিহ্নিত হন)। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই প্রবাসীকে উদ্ধার করে। পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে চালক শাহীন, তার ভাই সোহেল ও আইয়ুবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে। বাকি মালামাল উদ্ধার এবং পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীদের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..