নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি সংকট নিরসনে মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে ল্যান্ড বেইজড আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। আগামী দুই বছরের মধ্যেই এসব এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এলাকার মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং ধলঘাটা ও মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ সম্পূর্ণ হলে দেশের অর্থনীতিতে এক আমূল পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট মেগাপ্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।