নিজস্ব প্রতিবেদক:
২০২৭ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে দ্রুত প্রবিধানমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্যান্য সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের প্রধান সিদ্ধান্ত ও সুপারিশসমূহ:
শিক্ষকদের নিয়োগ ও এনটিআরসিএ: ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার জোর সুপারিশ করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার অগ্রগতি জানানো হয়।
ম্যানেজিং কমিটি ও পাঠ্যবই: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার প্রবিধানমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২০২৭ সালের জন্য নির্ধারিত সময়ে বই মুদ্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এনসিটিবিকে তাগিদ দেওয়া হয়েছে।
অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ: অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের প্রাপ্য অর্থ অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করার কথা বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি তদন্ত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।