বিপ্লব সরকার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ঘোষপাড়া এলাকায় সিথী রানী (২২) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিথী রানী ওই এলাকার মানিক চন্দ্র ঘোষ ও শ্রীমতি রাহী রানী ঘোষ দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ দিকে নিজ বাড়িতে পরিবারের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সিথী রানী। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পত্নীতলা থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্ত ছাড়াই একটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পত্নীতলা থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে না পাঠিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল ইসলাম জানান, নিহতের পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা এবং এলাকাবাসীর আন্তরিক অনুরোধ বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, তরুণীর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবরে পুরো ঘোষপাড়া এলাকাসহ নিহতের পরিবারে শোকের মাতম চলছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
এ জাতীয় আরো খবর..