নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে ব্যক্তি, সমাজ এবং দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সাধারণ মানুষের অবদানকে স্মরণে রেখে অর্জিত জ্ঞান দিয়ে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্যের প্রকৃত মাপকাঠি বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সমাবর্তন কেবল একটি সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, এটি দীর্ঘদিনের অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি এবং নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ।’’
বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘‘বিগত দেড় দশকে যাচাই-বাছাই ছাড়াই একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় মানহীন উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে এবং তরুণ সমাজ হতাশার অতলে তলিয়ে গেছে। এই স্থবিরতা থেকে বের হয়ে বিভিন্ন শিক্ষাধারার সমন্বয়ে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক মানে পৌঁছাতে গিয়ে যেন আমরা আমাদের ইতিহাস, ভাষা, সাহিত্য ও ঐতিহ্যকে ভুলে না যাই।’’
প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসের যুগে শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়। শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাধারা, সমস্যা সমাধানের দক্ষতা ও নিয়মিত নতুন কিছু শেখার মনমানসিকতা অর্জন করতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। তবে প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।’’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং স্বাগত বক্তব্য দেন আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ম. তামিম। বক্তব্যের পূর্বে উপ-উপাচার্য ডিগ্রি পাওয়ার উপযোগী শিক্ষার্থীদের উপস্থাপন করলে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করেন এবং চ্যান্সেলরস পদকপ্রাপ্ত তিন শিক্ষার্থীসহ কৃতী স্নাতকদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় ২০২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।