মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন হাসিবুল। এ সময় তাঁর সঙ্গে পাশের সিটে এক নারী ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের গতিরোধ করে এক ব্যক্তি তাঁকে ‘জুলাই জঙ্গি হাসিবুল’ বলে আক্রমণ করেন এবং ‘সঙ্গে মেয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করছে’ বলে উসকানিমূলক কথা বলতে থাকেন। এ সময় সেখানে হট্টগোল শুরু হলে হাসিবুলকে ‘ভাই প্লিজ ভাই’ বলতে শোনা যায় এবং একপর্যায়ে তিনি দৌড়ে সেখান থেকে চলে যান। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেকআউট করে বের হওয়ার সময় তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হাসিবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। পুলিশ পরবর্তীতে ওই রিসোর্টে খোঁজ নিয়েও তাঁর উপস্থিতি পায়নি।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।