গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে পুলিশের হেফাজত থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিয়া পরিষদ নেতা রেমন মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা।
জানা যায়, গত মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ডের মুদাফা বালুর মাঠ এলাকা থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) ও আওয়ামী লীগ নেতা আরিফকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পুলিশের এসআই আলিফ সঙ্গীয় ফোর্সসহ তাকে থানায় নিয়ে যাওয়ার পথে জিয়া পরিষদ টঙ্গী পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক রেমন মাহমুদের নেতৃত্বে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানান গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী। তাঁরা পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন দিপু দেওয়ান থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি খোলা চিঠি দেন। এতে রেমন মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত, বিতর্কিত কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে রেমন মাহমুদ বলেন, আমাকে জড়িয়ে এ ঘটনায় মিথ্যাচার করা হচ্ছে। ঘটনাস্থলের কাছেই আমার দোকান থাকায় লোকজনের উপস্থিতি দেখে সেখানে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করি।
খোঁজ নিয়ে জানা যায় , স্থানীয় বিএনপি নেতা ফখরুল ইসলামের রাজনৈতিক সহযোদ্ধা রেমন মাহমুদের এমন কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটকের পর এলাকার কয়েকজন নারী বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই আসামি পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..