নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার কঠোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ ৩ ও ২২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় মশক নিধন ও ক্রাশ অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানান তিনি।
অনুষ্ঠানে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির হোসেন মন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাখাওয়াত আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনও নানা ঘাটতি রয়েছে। উন্নত, আধুনিক ও নাগরিক সেবাসমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মশার প্রজননস্থল কমবে এবং ডেঙ্গুর ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
এ জাতীয় আরো খবর..