মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মহাদেবপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মহাদেবপুর উপজেলার ভবানীনগর গ্রামে মাতাজি থেকে ফতেপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলার কালনাকাটা বাড়ি পশ্চিমপাড়া গ্রামের গজির উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৩) ও একই উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সংশ্লিষ্টতার তথ্য দেন বলে পুলিশ জানায়।
পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির দল ধামইরহাট উপজেলার মাতাজি হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..