চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলা শহরের পৃথক দুটি স্থান থেকে মোট ২৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ও দুপুরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেবু বাগান থেকে ১৭টি ককটেল: সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সিটোলা মণ্ডলপাড়া এলাকার একটি লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তিনটি গর্তে লাল রঙের বালতিতে স্কচটেপ মোড়ানো অবস্থায় ককটেলগুলো লুকানো ছিল। বিকেলে এলাকাবাসী সন্দেহজনক গর্ত দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এলাকা ঘিরে ফেলে। পরে র্যাব-৫ (রাজশাহী)-এর বোম্ব ডিসপোজাল ইউনিট রাত সওয়া ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
রাস্তার পাশ থেকে ৭টি ককটেল: এর আগে দুপুর ১২টার দিকে জেলা শহরের জোড়গাছি নতুন মহল্লা এলাকায় তিন রাস্তার মোড়ে সড়কের পাশে একটি নির্মাণাধীন বাড়ির সামনে ঘাসের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে রাখা ৭টি ককটেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে দুটি স্থানে এই ককটেলগুলো মজুত ও ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।