ইসমাইল মুজাহিদ :
ফেনীর সোনাগাজীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষীগঞ্জ গ্রামের জরবা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মনোয়ারুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুল ইসলামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসপিয়া আক্তার মাদ্রাসায় যাতায়াতের পথে একই গ্রামের অটোরিকশাচালক ফারুকের বিরুদ্ধে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করে। বিষয়টি জানার পর গত বুধবার মনোয়ারুল ইসলাম লক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইলকে অবহিত করেন। পরে অধ্যক্ষ ফারুককে ডেকে সতর্ক করেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের ভাই তারেক মনোয়ারুল ইসলামের ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোয়ারুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..