রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় পাঁচ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। এ সময় শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে শিশুটি।
পরে গুরুতর অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধনী ২০০৩) ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আদালত ন্যায়বিচার করেছেন। এ ধরনের রায়ের মাধ্যমে সমাজে অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ জাতীয় আরো খবর..