আল-মামুন হোসেন, সাঁথিয়া (পাবনা):
পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে আকস্মিক বজ্রপাতে ছয় কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি, সেই সঙ্গে দেখা দেয় তীব্র বজ্রপাত। এ সময় সোনাপাতি বিল এলাকায় অবস্থানরত কয়েকজন কিশোর ও তরুণ বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পেতে বিলের পাশে পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই আশ্রয়স্থলই হয়ে ওঠে তাঁদের জীবনের শেষ ঠিকানা। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত সরাসরি ওই পলিথিনের ছাউনিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—শাওন (২২), পিতা রবিউল, গ্রাম গজমতি; রব্বেল (২২), পিতা ইসমাইল; মিজান (১২), পিতা শাজাহান; সাজিদ (১০), পিতা নাজিম উদ্দিন; ইমন (১২), পিতা ইবাদুল এবং আব্দুল্লাহ (১৫), পিতা শাহাদুল। নিহত শাওন ছাড়া বাকি পাঁচজনই নলমুড়া গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সোনাপাতি বিলে বজ্রপাতের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁরা বিভিন্ন বয়সী কিশোর ও তরুণ।
পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির জানান, পুলিশ সোনাপাতি বিল এলাকা থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আকস্মিক এ প্রাণহানিতে নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অল্প বয়সে ছয়টি প্রাণ ঝরে যাওয়ায় নিহতদের পরিবারগুলোর পাশাপাশি পুরো এলাকাতেই বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
এ জাতীয় আরো খবর..