নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবি মালিকপক্ষ মেনে নেওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক না হয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন অবশ্যই তাদের অধিকার। তবে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার পরও যদি কোনো মহল শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সেই মহলের উদ্দেশ্য ও ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।
দেশের শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করে অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদী দোসর, স্বার্থান্বেষী মহল কিংবা অন্য কোনো দুর্বৃত্তগোষ্ঠী যদি শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব প্রশাসন, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবার। কোনো নিরপরাধ শ্রমিক যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
এখন বড় প্রশ্ন—মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার পরও কেন বারবার উত্তপ্ত হচ্ছে শিবু মার্কেট? কারা পরিস্থিতি স্বাভাবিক হতে বাধা দিচ্ছে? এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনা প্রয়োজন।
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, শিল্পাঞ্চলে শান্তি ফিরুক। কোনো উসকানিদাতা বা দুর্বৃত্তের কারণে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা জিম্মি হতে পারে না।
এ জাতীয় আরো খবর..