সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী তানজিনা আক্তার, চরভদ্রাসন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লাসহ স্থানীয় নেতারা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। সভা শেষে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। এটি সদরবাজার সড়ক প্রদক্ষিণ করে চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..