মাদারীপুর সফরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার (২৭ ডিসেম্বর ) সকালে শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
পরে তিনি সদর উপজেলার ঘটমাঝি এলাকায় গিয়ে রাজধানী ঢাকায় গুলিতে নিহত জুলাই আন্দোলনের শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
তারপরে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের যোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চালাতে পারে, তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, কোনো দেশপ্রেমিক নাগরিক নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের প্রতিটি সচেতন মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এগিয়ে আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।