বরগুনা প্রতিনিধি: মোঃ সোহরাব হোসেন
বরগুনার তালতলীতে চিহ্নিত মাদক আস্তানায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর তালতলী কন্টিনজেন্ট।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তালতলী থানা সংলগ্ন মেইন রোডের পাশে মিরাজ জোমাদ্দারের পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় এই অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে অস্ত্র ও গোলাবারুদসহ নৌবাহিনীর একটি টহল দল বিএন পিকআপ (নং-১৩-১৩৬) যোগে টহল চলাকালে উক্ত স্থানে রেইড প্রদান করে।
অভিযানকালে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক আকন সবুজ (৪০) এবং মোঃ আবুল কালাম আজাদ (৩৯) কে আটক করা হয়। তল্লাশিকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র এবং আটককৃতদের দেহ তল্লাশি করে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তিদ্বয়সহ এলাকার আরও কিছু অজ্ঞাত মাদকসেবী ও মাদক কারবারি দীর্ঘদিন ধরে উক্ত স্থানে নিয়মিত মাদক বিক্রি ও সেবন করে আসছিল।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), তালতলী জনাব সেবক মন্ডলের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককৃত দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য আটককৃতদের তালতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।