মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় কথিত ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২০ সেপ্টেম্বর দীর্ঘ অভিযানের পর নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়ার আদমদীঘি থানার চা বাগান কলোনির আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ও বেলাল (৩৮) এবং নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর (ভূত রাজাপুর) গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে মো. নাহিদ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নবীর খানের শেডের সামনে নির্জন রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ছিনতাইকারীরা প্রথমে এক হাঁস ব্যবসায়ী, পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীকে ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক হাজার টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ছিনতাইকারীদের হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ, সোহেল ও ফয়সালসহ কয়েকজন আহত হন। কয়েকজন ভুক্তভোগীকে পরনের কাপড় কেটে গাছের সঙ্গে বেঁধে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর রানীনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ফোর্স ঘটনাস্থলে যায়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, রানীনগর ও আত্রাই থানার সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়। ১৭ ও ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য-প্রমাণ, তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।
পরে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টা নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ সেপ্টেম্বর মনিরুল ইসলাম ও নাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ১৭ সেপ্টেম্বর রাতে ও ভোররাতে চারজন মিলে দুই দফায় রানীনগর-আবাদপুকুর সড়কে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। নওগাঁ-নাটোর সড়কে বিভিন্ন সময় ছিনতাইয়ের চেষ্টার কথাও তারা জানিয়েছেন। নাহিদ হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে বাইরুলের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তিনি ১৭ মাস কারাগারে ছিলেন এবং সম্প্রতি মুক্তি পাওয়ার পর পুনরায় ছিনতাইয়ে জড়ানোর অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে জেলা পুলিশ আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।
এ জাতীয় আরো খবর..