রাজধানীর চকবাজার থানাধীন শোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবৈধ উৎপাদন ও বিপণন রোধে নিয়মিত অভিযانের অংশ হিসেবে বুধবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল শোয়ারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
অভিযানের সময় গোডাউনের প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।