নিজ্বস্ব প্রতিনিধি:
রক্তদানের পাশাপাশি অসহায়, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে রক্তদান সংগঠন রাজবাড়ী। সংগঠনটির লক্ষ্য শুধু রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো নয়; বরং সমাজের বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতার মাধ্যমে একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা।
সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজন অনুযায়ী রক্তদানে সহযোগিতা এবং অসহায় মানুষের জন্য আর্থিক ও মানবিক সহায়তা প্রদান। বিশেষ করে সমাজের এমন নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যারা অভাবের কথা সহজে প্রকাশ করতে পারেন না, আবার প্রয়োজনের সময় যথাযথ সহযোগিতাও পান না।
সংগঠনটির সংশ্লিষ্টরা মনে করেন, একটি মানবিক সমাজ গড়ে তুলতে শুধু কয়েকজন স্বেচ্ছাসেবীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের প্রতিটি স্তরে মানুষের মধ্যে সহযোগিতার মানসিকতা তৈরি করতে হবে। তাদের ভাষায়, “একটি শক্তিশালী ও মানবিক সমাজ গড়তে প্রতিটি ঘরে অন্তত একজন স্বেচ্ছাসেবক তৈরি করা জরুরি।”
মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।
রক্তদান সংগঠন রাজবাড়ীর পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রক্তের প্রয়োজন হোক কিংবা অসহায় কোনো পরিবারের জরুরি সহায়তা—সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তারা।
এ জাতীয় আরো খবর..