মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সোয়াইব নামে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যার পর বস্তাবন্দি করে ডোবায় ফেলে দিয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে অপর অভিযুক্ত পলাতক রয়েছে।
নিহত সোয়াইব ডামুড্যা উপজেলার পশ্চিম আদাশন গ্রামের সেলিম সরদার ও শিমুলি বেগম দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে সোয়াইব নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে দুপুর দেড়টার দিকে অভিযুক্তদের বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, শিশুটির হাত-পা বাঁধা এবং গলায় আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় আবুআলম সিকদার ও রাসেল সিকদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরে পুলিশ অভিযান চালিয়ে রাসেল সিকদারকে আটক করে। অপর অভিযুক্ত আবুআলম সিকদার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আটকের জন্য অভিযান চলছে।
এ জাতীয় আরো খবর..