সচিবালয় প্রতিবেদক:
ঢাকার প্রাণকেন্দ্রে স্থান সংকুলান না হওয়ায় বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদেই এ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন সংক্রান্ত সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এ কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুল রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সচিবালয়ে জায়গা অপ্রতুল হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রাঙ্গণেই একটি নতুন ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাবটি নাকচ করে দিয়ে আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলা প্রাঙ্গণে সচিবালয় সরিয়ে নেওয়া যায় কি না—তার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
পরবর্তী চার মাস ধরে ব্যাপক পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। জাকারিয়া তাহের বলেন, "সচিবালয় স্থানান্তরের প্রয়োজনীয় প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন ও নীতিগত সিদ্ধান্ত আসবে।"
পরিকল্পনা অনুযায়ী, আগারগাঁওয়ে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ করে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক হাব তৈরি করা হবে, যা স্থান সংকট কাটিয়ে সরকারি দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনবে।