বিশেষ প্রতিনিধি:
সরকারি সফরে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এটি একটি সম্পূর্ণ সরকারি ও দাপ্তরিক সফর বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সফরের সূচনা: সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
নলিয়ান থেকে মোংলা: নলিয়ান পৌঁছে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত ‘বানৌজা মোংলা’র উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
সভা ও মধ্যাহ্নবিরতি: দুপুর ১টায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিতিতে মধ্যাহ্নবিরতি ও পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন তিনি।
বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন: বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন এবং বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
ঢাকা প্রত্যাবর্তন: সমস্ত দাপ্তরিক কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং সাদাপোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সফরটি রাজনৈতিক নয় বিধায় কর্মসূচিস্থলগুলোতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সীমিত রেখে শুধুমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থাকছেন।