ফুলগাজী (ফেনী) প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে এক প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তিতে আগুন দেওয়া এবং শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী তোফায়েল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৈরাগপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী তোফায়েল ইসলাম (৪৬)। তিনি মৃত আব্দুল জব্বারের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন আগে তিনি ওই সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে প্রবাস থেকে দেশে ফিরে জায়গাটিতে খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করেন এবং বসবাস ও সম্পত্তি দেখাশোনার জন্য একটি ছোট ঘর নির্মাণ করেন। সেখানে তিনি প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করেন।
তোফায়েল ইসলামের দাবি, ঘটনার রাতে তিনি প্রায় ১১টার দিকে সম্পত্তিটি দেখে নিজ পুরোনো বাড়িতে চলে যান। পরদিন ফজরের নামাজের পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার জমিতে থাকা শতাধিক ফলের গাছ কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে সেখানে নির্মিত ছোট ঘরটিতেও আগুন দেওয়া হয়েছে।
আতঙ্কে প্রবাসী ও তার পরিবার, তদন্তে পুলিশ
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। তোফায়েল ইসলাম সম্পত্তিটি ক্রয় করার পর একই এলাকার সুজিত কুমার পাল (৪৯) ও অজিত কুমার পাল (৪৫), উভয়ের পিতা মৃত কানু রাম পাল—সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। মামলাটি ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে বলে জানা গেছে এবং বর্তমানে তা চলমান রয়েছে।
সম্পত্তির পূর্ববর্তী বিক্রেতা হিসেবে প্রমোদ বিহারী পাল (৫০), রঞ্জিত পাল (৪৫), সুবোধ চন্দ্র পাল (৪৩) ও সত্যজিৎ চন্দ্র পাল (৪০), সর্বপিতা মৃত প্রিয়তোষ পালের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করেন।
ভুক্তভোগী তোফায়েল ইসলাম বলেন, “প্রবাস জীবনে কষ্টার্জিত অর্থ দিয়ে আমি জায়গাটি কিনেছি। সেখানে নিজের হাতে গাছ লাগিয়েছি এবং থাকার উপযোগী করে তুলেছি। রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় আমি অত্যন্ত কষ্ট পেয়েছি।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলগাজী থানার পুলিশের পক্ষ থেকে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..