গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থমকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন একাধিক পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের ফলে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণসহ বিভিন্ন পথচারী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়কে নেমে আসেন। সেখানে অবস্থান নিয়ে তারা বেতন-ভাতা বৃদ্ধি ও বোনাসের দাবিতে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনের একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। পরবর্তীতে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। এর ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও পরিবেশ স্বাভাবিক রাখতে শিল্প পুলিশও দুর্ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে।