সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আসামরাজ্যের গুয়াহাটির হোটেল বিলাস ইনের স্বত্বাধিকারী হেলেনা ভরালী সহ ৫ জনের হত্যার অভিযোগে মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর ) ভোর রাতে গুয়াহাটির বশিষ্ঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পল্টন বাজার পুলিশের হাতে তুলে দেয় বশিষ্ঠ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সি ঘনকান্ত গগৈয়ের আদি বাড়ি ডিব্রুগড়ের বৈরাগীমঠে। বর্তমানে সে গুয়াহাটির বশিষ্ঠের সাওকুছি এলাকায় ভাড়া বাড়িতে থাকত। প্রাথমিক তথ্য অনুযায়ী, টাকার লেনদেনকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটেছে বলে অভিযুক্ত স্বীকার করেছে বলে জানা গেছে।
তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। অপরদিকে, হত্যাকান্ডে ব্যবহৃত •৩২ বোরের পিস্তলটি ব্যবসায়ী ঘনকান্ত গগৈয়ের নামেই নিবন্ধিত ছিল বলে সূত্রের খবর। পিস্তলটির লাইসেন্স নাগাল্যান্ডের বলে জানা গেছে।
ঘটনার পর অস্ত্রটির ম্যাগাজিনে কোনও গুলি ছিল না বলেও খবর। ওই পিস্তল দিয়ে মোট ৬ জনকে গুলি করা হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর ) গুয়াহাটির হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন হোটেলটির মালিক হেলেনা ভরালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিণিকি কাশ্যপ এবং ভাই ভূদেব ভরালী। এছাড়াও নারায়ণ দাসের মৃত্যু হয়েছে।
এ জাতীয় আরো খবর..