শিক্ষা ডেস্কঃ
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফল প্রকাশের বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সাথেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও অনলাইনে একযোগে ফলাফল অবমুক্ত করা হবে।
যেভাবে অনলাইনে ফলাফল জানা যাবে:
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত নির্দিষ্ট ওয়েবসাইট (
এদিকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণকে অফিশিয়াল ওয়েবসাইটের ‘Result’ কর্নারে প্রবেশ করে নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করে তা প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা চাইলে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার নিয়ম: মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও খুব সহজে ফলাফল জানা যাবে। এর জন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে HSC লিখে একটি স্পেস দিতে হবে, এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে ফের স্পেস দিয়ে রোল নম্বর এবং আরও একটি স্পেস দিয়ে পাসের বছর (2026) লিখে ১৬১৪০ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উদাহরণস্বরূপ—ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাকে মেসেজ অপশনে লিখতে হবে: HSC Dha 123456 2026 এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।
খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর: প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি ও নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে, শিক্ষা বোর্ড কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিসে সশরীরে উপস্থিত হয়ে কোনো ধরনের ফলাফল সংগ্রহ করার সুযোগ থাকবে না।