মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৪.৩০ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্যের একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড় নামক স্থানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে একজন মাদক কারবারী একটি বস্তা মাথায় নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী নিকট থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই রাতে আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন বেড়পাড়া চৌরাস্তা মোড় নামক স্থানে জঙ্গলের ভিতর কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫১ বোতল ভারতীয় Eskuf Syrup (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই সময়ে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হাজির বাতান নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও অদ্য ০২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১২.১০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তালাইমারী বিওপির আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন জাহাজ ঘাট নদীর পাড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
এ জাতীয় আরো খবর..