নিজস্ব প্রতিবেদকঃ
সড়কে স্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন দ্রুত নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন অপর একটি হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছিলেন যে, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই রাস্তায় চলতে পারবে।
সে সময় আদালতে বিআরটিএ’র পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. রাফিউল ইসলাম জানিয়েছিলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এই বাস চালানোর অনুমতির জন্য আবেদন করেছিল। তবে আইন অনুযায়ী বর্তমানে স্লিপার বাস চলাচলের কোনো বৈধ অনুমতি নেই।
বিআরটিএ’র আইনজীবী আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারা অনুযায়ী কোনো যানবাহন কারিগরি বিনির্দেশ (টেকনিক্যাল স্পেসিফিকেশন) লঙ্ঘন করলে তা একই আইনের ৮৪ ধারায় দণ্ডনীয় অপরাধ; যার সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড। এ ছাড়া আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা আছে, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।