সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনীতে দিন দিন বাড়ছে এডিস মশার উপদ্রব। এডিস মশার কামড় থেকেই ছড়ায় ডেঙ্গু জ্বর। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী জেলা ইউনিটের উদ্যোগে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম. এ. খালেক, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন এবং সিনিয়র সদস্য হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি এডিস মশার প্রজনন ও বিস্তার রোধে মশকনিধন ওষুধ ছিটানো হয়।
কর্মসূচিতে সিনিয়র সদস্য হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, এডিস মশার উপদ্রব রোধে ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মশার বিস্তার রোধেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সবার সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে।
এ জাতীয় আরো খবর..