বিশেষ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপালগঞ্জ জেলা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এর মধ্যে জেলা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার ও খড়কুটো জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন।
অন্যদিকে, জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের ফটক ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এই নাশকতার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।