কূটনৈতিক প্রতিবেদক:
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। এর আগে আজ সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ‘ম্যাক্স রয়্যাল’ হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ সম্মেলনে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ (প্লেনারি) অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
বক্তব্যে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া ইউএনডিপির (UNDP) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সহনশীলতার সাফল্য এবং প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরতে গ্রিন জোনে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনাধীন।
এ ছাড়া ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি বিশেষ সাইড ইভেন্টের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের ঝুঁকি এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পাটজাত পণ্যের প্রসারের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা প্রতিনিধিদলে রয়েছেন:
আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী)
হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র প্রতিমন্ত্রী)
ড. মো. সাইমুম পারভেজ (প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী)
অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল (এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক)
এএএম সালেহ শিবলী (প্রধানমন্ত্রীর প্রেস সচিব) এবং হাসান শিপলু (উপ-প্রেস সচিব)।
জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে এ বছর তুরস্ক সভাপতিত্ব করছে এবং আলোচনার আনুষ্ঠানিক দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়া। সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।