কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার মামলায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় প্রবেশ করেন মোবারক। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় রিনথীর মা তাহমিনা বেগমকেও তিনি হত্যা করেন।
পরদিন (৮ সেপ্টেম্বর) মা-মেয়ের লাশ উদ্ধারের পর তাহমিনা বেগমের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আসামি মোবারককে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক নিজের অপরাধ স্বীকার করেন।
তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে চলতি বছরের ২০ আগস্ট আদালতে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র ২ মাস ১৫ দিনের মাথায় দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।