নিজস্ব প্রতিবেদকঃ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুষ্পস্তবক অর্পণের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকগণ তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশ নেন। সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে চা-চক্রে মিলিত হন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী বিশেষ কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটিতে দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের শুরুতে ফজরের নামাজের পর দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।