ফটিকছড়ি প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রার্থী তানজিম বলেন, “দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর ফটিকছড়ি গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সত্য ও নিরপেক্ষ লেখনীর মাধ্যমে ফটিকছড়ির প্রকৃত চিত্র এবং আমার উন্নয়ন পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে—এটাই আমার প্রত্যাশা।” সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের কার্যকর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
ঘোষিত ইশতেহারে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সড়ক-মহাসড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন প্রার্থী তানজিম এবং আসন্ন নির্বাচনে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী আরমান খান। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা দপ্তর সম্পাদক এম এ ইউসুফ, সদস্য মো. পারভেজ, ফটিকছড়ি পৌরসভা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শিহাব বিন কাসেম, উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, নারায়ণহাট কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মিনহাজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।