নেত্রকোণার মোহনগঞ্জে চেয়ারম্যান মেম্বারের ভুয়া সিল স্বাক্ষর বসিয়ে ১৩ 'রোহিঙ্গা' নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শাওন মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা।
শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা। স্ত্রীর হয়ে ইউনিয়নের জন্মনিবন্ধনসহ অনলাইনের সকল কাজ করতেন শাওন।
এ ঘটনায় গাগলাজুর ইউনিয়নের সচিব রাজিব মিয়া বাদী হয়ে শাওনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এতে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ, স্থানীয় কয়েকজন উদ্যোক্ত ও এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ৪-৫ বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেকনিশিয়ান পদে আবেদন করেন শাওন। চাকরি না হলেও তখন থেকেই ওই কার্যালয়ের সকল অনলাইন কাজকর্মের দায়িত্ব পালন করা শুরু করেন তিনি। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টিসিবি কার্ড সংযোজন ও যাচাই বাছাই সংক্রান্ত ওয়েব সাইট ও জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটের পাসওয়ার্ডসহ সকল কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেন শাওন। ইউএনও কার্যালয়ে কাজের প্রভাব খাটিয়ে উপজেলার অন্য ৭টি ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল কাজের নিয়ন্ত্রণও কব্জা করেন তিনি। চেয়ারম্যান -মেম্বারদের সিল স্বাক্ষর নকল করে অবৈধ জন্মনিবন্ধন তৈরির বাণিজ্য শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে কোটিপতি বনে যান শাওন।
শাওনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, ইউএনও কার্যালয়ের সকল সরকারি আইসিটি প্রোগ্রামের দায়িত্বে থাকতেন শাওন। সবাই তাকে ইউএনও কার্যালয়ের আইসিটি প্রোগ্রামার বলেই জানে। এমনকি ওই কার্যালয়ের সকল সরকারি ওয়েবসাইটের পাসওয়ার্ডও শাওনের কাছে থাকতো। ইউএনওদের ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহার করে সকল কাজ করতেন শাওন। এই সুযোগে চেয়ারম্যান -মেম্বারদের নকল সিল স্বাক্ষর তৈরি করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে লাখ লাখ টাকা কামিয়েছেন। ইতিমধ্যে ৪০ লাখ টাকা দিয়ে কয়েকটি হারভেস্টার মেশিন কিনেছেন শাওন ৷ পাশাপাশি ময়মনসিংহ শহরেও জায়গা কিনেছেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, চেয়ারম্যান -মেম্বারের ভুয়া সিল স্বাক্ষর বসিয়ে অন্য জেলার ১৩ নাগরিককে এখানকার জন্মনিবন্ধন তৈরি করে দিয়েছেন শাওন। ওই ১৩ জনকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। শাওন তার ব্যবহৃত সাইটটির ইউজার পাসওয়ার্ড হ্যাক হয়েছে বলে দাবি করলেও প্রাথমিক তদন্ত এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সচিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, আমি আসার পরই সকল পাসওয়ার্ড তার থেকে নিয়ে নিয়েছি। বাইরের জেলার ১৩ জন লোককে এখানকার জন্মনিবন্ধন করে দেওয়ার বিষয়টি টের পাওয়ার পরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে।
এ জাতীয় আরো খবর..