নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সাত থানার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে উদ্বেগ বাড়ছে। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হলেও অনেকেই পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অভিযান হলেও অপরাধের মূল শিকড় কতটা নির্মূল হচ্ছে—এ নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে।
এ অবস্থায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন সিদ্ধিরগঞ্জবাসী। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, তার বাস্তব প্রতিফলন মাঠপর্যায়ে দেখতে চান স্থানীয়রা।
তাদের দাবি, শুধু অভিযান, গ্রেপ্তার কিংবা আশ্বাস নয়—মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও দৃশ্যমান পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এসপি হাবিবুর রহমানের কঠোর বার্তা যেন শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থাকে; সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় অপরাধ দমনে তার দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চান তারা।
সিদ্ধিরগঞ্জবাসীর একটাই দাবি—নিরাপত্তা চাই, আর সেই নিরাপত্তা শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে দেখতে চাই।
এ জাতীয় আরো খবর..