চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম বিভাগে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বড় ধরনের বিশেষ অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৯ অক্টোবর) থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযানে মোট ৪৫৮ জনকে গ্রেফতার এবং ১০১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যকেও গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন আইনি ধারায় গ্রেফতারকৃতদের বিন্যাস নিচে দেওয়া হলো:
মামলা ও পরোয়ানা: নতুন ও পূর্ববর্তী মামলায় ১৬৩ জন, পরোয়ানামূলে ৯০ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানায় ১৮ জন।
অন্যান্য আইনি ধারা: পুলিশ অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন।
মাদক সংক্রান্ত: মাদক কেনাবেচা ও সংশ্লিষ্ট মামলায় ৭৮ জন গ্রেফতার।
কিশোর গ্যাং দমন: আটক ১০১ জন কিশোরের মধ্যে ৬৯ জনকে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন: চট্টগ্রামের ৩ জন, কুমিল্লায় ২ জন, চাঁদপুরে ৩ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জনসহ মোট ১৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে ৩৩টি মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত মাদকের বিবরণ:
ইয়াবা: ৪,৫৭৬ পিস
গাঁজা: ৫৯ কেজি ৩২০ গ্রাম
চোলাই মদ: ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার
অন্যান্য: ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল হুইস্কি।