মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর২০২৬) রাত ১০টা ১০ মিনিটে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার জেলার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মো. আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।
এসআরবি-৫-এর সিপিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কে মাদক পরিবহনের তথ্য পেয়ে বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে অভিযানিক দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..