বশির হাওলাদার, তালতলী (বরগুনা):
বরগুনার তালতলী উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এ অবস্থায় নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ পদ পেতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে।
নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে সাবেক ও বর্তমান নেতাদের নাম আলোচনায় উঠে এসেছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ ছাড়া আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক শহিদুল হক, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন।
অন্যদিকে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যেও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার প্রত্যাশা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অসিম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন আল মামুন।
স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটাতে দ্রুত নতুন কমিটি গঠন করা প্রয়োজন। একই সঙ্গে দলের দুঃসময়ে ভূমিকা রাখা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং মামলা-হামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করতে হবে।
তৃণমূলের প্রত্যাশা, ব্যক্তিগত বলয় কিংবা পদপ্রত্যাশীদের প্রভাব নয়, বরং সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়ে তালতলী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।
এ জাতীয় আরো খবর..