নিজস্ব প্রতিবেদক :
মানবিকতা, জনসেবা ও মানুষের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জি কে গউছ।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। এ সময় অসুস্থ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান হুইপ জি কে গউছ। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে রোগীদের চিকিৎসাসেবা, জনদুর্ভোগ লাঘব এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর আন্তরিকতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..